সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য, স্টুডিওটি যে জমিতে অবস্থিত, সেই জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। সালমান মুক্তাদির নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিও স্থাপন করেছিলেন।
শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টার দিকে স্টুডিওর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।
পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এবং চাঁদাবাজির অভিযোগের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করেছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াত সীমিত করেছিল। এতে চলাচলে সমস্যা তৈরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায় বলে পুলিশের প্রাথমিক বক্তব্য।
ওসি বলেন, হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল। পরে ক্যান্টনমেন্ট থানার ওসি চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।



































