জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ইবি জিয়া হল কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন


জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ইবি জিয়া হল কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন।

শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে সমবেত হয়।

সেখানে শহীদ রাষ্ট্রপতির স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের প্রভোস্ট  আব্দুল গফুর গাজী-সহ অন্যান্য আবাসিক শিক্ষার্থীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য ড.নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজী বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। পাশাপাশি  তাঁর নামে একটি আবাসিক হল অর্থাৎ শহীদ জিয়াউর রহমান হল প্রতিষ্ঠা লাভ করে। আজকের দিনে তাঁর শাহাদাত বার্ষিকীতে আমরা গভীরভাবে স্মরণ করছি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়েছিল। তিনি দেশকে উন্নত-সমৃদ্ধ করতে চেয়েছিলেন। জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছিলো। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তিনি দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা তাকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করছি।  জুলাই গণঅভ্যুত্থানের পরে তার স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।

 

 

Ads