ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম


ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে সাতজন যাত্রী ছিলেন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন—জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)।

পুলিশ জানায়, তারা জামালপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত সাতজনের মধ্যে এখনো তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Ads