পানিতে নামা বেলির আর বাড়ি ফেরা হলো না

চৈতন্য চ্যাটার্জী একে

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম


পানিতে নামা বেলির আর বাড়ি ফেরা হলো না

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

পানিতে নামার পর আর বাড়ি ফেরা হলো না বেলি বিবির (৫৫)। নিখোঁজ হওয়ার এক দিন পর নদায়ার খালের সুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে  আক্কেলপুর থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের সুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নদায়ার খালের সুইসগেট এলাকায় স্নানের জন্য পানিতে নামেন বেলি বিবি। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শুক্রবার ভোরে স্থানীয় যুবক বিপ্লব হোসেন ওই এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বেলি বিবির বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে বেলি বিবির জুতা, কাপড় ও সাবান পড়ে ছিল।

বেলি বিবির ভাই হেলাল খান বলেন, বৃহস্পতিবার থেকে তাকে  খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে স্থানীয় এক যুবক মাছ ধরতে এসে পানিতে তাঁর মরদেহ দেখতে পান। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করছি, গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

বেলি বিবির স্বামী বাচ্চু সরদার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। গতকাল থেকে আমি বাড়িতে ছিলাম না। স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান ঘটনাস্থলের পাশে পড়ে ছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় তাঁর স্বামী বাচ্চু সরদার থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Ads