এক্সপ্রেসওয়েতে হানিফ-পালকি বাসের সংঘর্ষ, নিহত ৩
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি- সংগৃহীত
মাদারীপুরের ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকাগামী লেনে চলাচলের সময় হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

































