ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের তল্লাশি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সন্দেহজনক মনে হলে ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামে একটি আইডি থেকে ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার কথা বলা হয়।

ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে ই-মেইলটি পাঠানো হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত একটি ই-মেইল পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে হুমকির ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

Ads