লন্ডনে সরোয়ার আলমগীরের সঙ্গে চট্টগ্রামবাসীর মতবিনিময়, প্রবাসীদের নিরাপত্তার দাবি

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম


লন্ডনে সরোয়ার আলমগীরের সঙ্গে চট্টগ্রামবাসীর মতবিনিময়, প্রবাসীদের নিরাপত্তার দাবি

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ ও প্রবাসী চট্টগ্রামবাসী। সভায় দেশে যাতায়াতের সময় প্রবাসীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় পূর্ব লন্ডনের আড্ডা ঘর রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মাসুদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। পরে সংগঠনের পক্ষ থেকে এমপি সরোয়ার আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি প্রবাসীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে প্রবাসীরা যাতে হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জবাবে এমপি সরোয়ার আলমগীর বলেন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। দেশে যাতায়াতের সময় প্রবাসীরা যাতে যথাযথ সম্মান ও নিরাপত্তা পান, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নতুন কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি বলেন, সেতুটির নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসানসহ অনেকে।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান অনুষ্ঠানে সময় দেওয়ায় এমপি সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে চট্টগ্রাম ও ফটিকছড়ির উন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন।

মতবিনিময় সভায় প্রবাসীদের সমস্যা, দেশে তাঁদের নিরাপত্তা ও মর্যাদা, চট্টগ্রামের উন্নয়ন এবং নতুন কালুরঘাট সেতু নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Ads