চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগামী ২৬ অক্টোবর টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এ সরকারি সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পাশাপাশি জ্বালানি, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতেরও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় প্রস্তুত। উভয় পক্ষের সম্মতি থাকলে প্রধানমন্ত্রীর টোকিও সফরেই এটি সই হতে পারে।





























