সবাই নয়, একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে- প্রধান উপদেষ্টা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ মে ২০২৫, ১২:৪২ পিএম


সবাই নয়, একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে- প্রধান উপদেষ্টা

 

দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে জনিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) জাপানে নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে একথা বলেন তিনি।

ঢাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব সম্প্রচার করেছে।

নিক্কেই ফোরামের ওই প্রশ্নোত্তর পর্বে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্যে কাজ করছে। এগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন।

এসময় তিনি জানান, এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে সংস্কার কতটুকু হয়েছে তার ওপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তাড়াহুড়ো করি, কিছু সংস্কার করি এবং অন্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা (নির্বাচন) ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে।

কিন্তু কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে’।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেন যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। তিনি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
 

Ads