খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু জাদির ছাদ ঢালাই কাজের উদ্বোধন


খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু জাদির ছাদ ঢালাই কাজের উদ্বোধন

খাগড়াছড়ি সদরের সাতভাইয়াপাড়ায় অবস্থিত ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া,রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান  এবং তিন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা।

অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি-সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মন্ত্রী ও উপস্থিত সংসদ সদস্যরা ভক্তদের সঙ্গে প্রার্থনায় অংশ নেন। পরে বেলুন উড়িয়ে ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় জাদি প্রাঙ্গণে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থনা শেষে পরিবেশ সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে মন্ত্রী সাচিং প্রু এমপি উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন।

উল্লেখ্য, সাতভাইয়াপাড়ায় অবস্থিত ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি’র প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমং পাড়ার বাসিন্দা উক্যচিং মারমা, যিনি স্থানীয়ভাবে কেতু মারমা নামে পরিচিত।

Ads