রামগড়ে বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং রামগড় হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আকতার।
সভাপতির বক্তব্যে দিলারা আকতার দিবসগুলো যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় দিবসগুলো উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক -সামাজিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
























