বিয়ের প্রলোভনে চীনে নারী পাচার, তিন পার্বত্য জেলায় পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা


বিয়ের প্রলোভনে চীনে নারী পাচার, তিন পার্বত্য জেলায় পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা

পার্বত্য চট্টগ্রাম থেকে বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাহাড়ি নারী ও কন্যাশিশুদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় ৭৩০টির বেশি মানব পাচারের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে। তবে সামাজিক কলঙ্ক, ভয় ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মানব পাচারবিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত এক সংক্ষিপ্ত গবেষণাপত্রে এসব তথ্য জানানো হয়।

‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন: পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি এবং নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় বলা হয়, প্রতারণামূলক বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন, আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগ এবং ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাচারকারী চক্র নারীদের টার্গেট করছে। জন্মনিবন্ধন, নাম, বয়স ও অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মের কথাও গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় আরও বলা হয়, দারিদ্র‍্য, বেকারত্ব, ভূমি সংকট, শিক্ষার সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য ও প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পাহাড়ি নারী ও তরুণীদের পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাস দেওয়া হলেও পাচারের শিকার অনেক নারী সেখানে গৃহস্থালি শ্রম, যৌন ও মানসিক নির্যাতন এবং স্বাধীনতা হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, চীনে অবস্থানরত অনেক নারী বিভিন্ন ধরনের বৈষম্য ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। বাংলাদেশের নারীদেরও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক। মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা পরে আপস-মীমাংসায় চলে যান। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের অভিজ্ঞতা নিয়েও গবেষণা করা প্রয়োজন। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অনলাইনেও সাক্ষ্য দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা আবেগঘন পোস্ট দেওয়া তরুণীরাও পাচারকারীদের লক্ষ্যবস্তু হতে পারেন। এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা ও কারবারি অঞ্জলি ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান। গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতি রঞ্জন ধামাই।

গবেষণাটি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতার সাক্ষাৎকার, পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার, তিনটি দলীয় আলোচনা (এফজিডি), ১০টি বিস্তারিত কেস স্টাডি, ১৫ জনের অংশগ্রহণে যাচাই কর্মশালা এবং ২০-৩০টি নথি পর্যালোচনা করা হয়।

গবেষণায় জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে নিবন্ধনে যাচাই জোরদার, পাচারের শিকার ব্যক্তিদের আইনি ও সামাজিক সুরক্ষা, আন্তদেশীয় সহযোগিতা এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়।

সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Ads