খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ রোডের টিটিসি এলাকায় ইংলিশ ভয়েস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী, এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এ সময় মন্ত্রীর একান্ত সচিব এম. রাশেদুল হক (উপসচিব), জেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৩-২৬ অর্থবছরে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। নতুন ভবন চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তিনি ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন করতে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মন্ত্রী বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান দেখবেন বলে আশ্বস্ত করেন।



























