খাগড়াছড়িতে ৭,৭০০ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়নে যুক্ত করার উদ্যোগ, আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা
২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে বাজার চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে আর্ন (EARN) প্রকল্প। এ লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম, বাস্তবায়ন কৌশল ও জেলাভিত্তিক অগ্রগতি তুলে ধরে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা।
সভায় জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রধান সেবাদানকারী সংস্থা হিসেবে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাগড়াছড়িতে মাঠপর্যায়ের সহযোগী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। এ ছাড়া তহজিংডং ও দ্য আর্থ সোসাইটি সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা মূল্যায়নে যুক্ত রয়েছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
সভায় উপস্থাপিত অগ্রগতির তথ্যে দেখা যায়, জেলার নয়টি উপজেলায় ৫৪টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্রের (ভিএলটিসি) মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর আওতায় ৭ হাজার ৭০০ জন তরুণ-তরুণীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩ হাজার ৮৪৬ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ অর্জিত হয়েছে। এখনো তালিকাভুক্তির বাইরে রয়েছেন ৩ হাজার ৮৫৪ জন।
তবে প্রশিক্ষণকেন্দ্র ও কমিউনিটি গ্রুপ নির্বাচনের অগ্রগতি তুলনামূলক কম। ৫৪টি প্রশিক্ষণকেন্দ্রের বিপরীতে নির্বাচন করা হয়েছে ছয়টি। একইভাবে ৫৪টি কমিউনিটি গ্রুপের মধ্যে ছয়টি নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্যদিকে নয়টি ইউসিসি নির্বাচনের লক্ষ্যমাত্রার বিপরীতে এখনো কোনোটি নির্বাচন করা হয়নি।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৬-এর মধ্যে লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ, ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ৭০ শতাংশ এবং জুন ২০২৭-এর মধ্যে শতভাগ তরুণ-তরুণী তালিকাভুক্ত করার লক্ষ্য রয়েছে। তালিকাভুক্তির ক্ষেত্রে খাগড়াছড়ি ইতোমধ্যে ডিসেম্বরের নির্ধারিত মাইলফলক অতিক্রম করেছে বলে সভায় জানানো হয়।
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় প্রকল্পের আওতায় মোট ২১ হাজার তরুণ-তরুণীকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ হাজার ৬০০ জন বা ৬০ শতাংশ নারী। তিন জেলায় ১৫০টি প্রশিক্ষণকেন্দ্র, ১২০টি কমিউনিটি গ্রুপ এবং ২৬টি ইউসিসি নির্বাচনের পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণের বিষয় নির্বাচনে স্থানীয় শ্রমবাজারের চাহিদা, তরুণ-তরুণীদের আগ্রহ, নিয়োগকর্তাদের প্রয়োজন এবং এলাকার অর্থনৈতিক সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংক নির্ধারিত ২২টি অগ্রাধিকার খাত থেকে উপযুক্ত প্রশিক্ষণ ট্রেড বাছাই করে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের অনুমোদন নেওয়া হবে।
উপস্থাপনায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে ট্রেড ভ্যালিডেশন রিপোর্টে 'টিয়ার সি' শ্রেণিতে রাখা হয়েছে। এ অঞ্চলে প্রশিক্ষণ ট্রেডের ৭০ শতাংশ থাকবে প্রচলিত ও প্রমাণিত আয়ের ক্ষেত্রভিত্তিক এবং বাকি ৩০ শতাংশ থাকবে সম্ভাবনাময় ও উদীয়মান বাজারমুখী খাতভিত্তিক। প্রতিটি প্রশিক্ষণকেন্দ্রে অন্তত একটি সম্ভাবনাময় ট্রেড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অগ্রাধিকার খাতের মধ্যে রয়েছে কৃষি ও জৈব চাষ, জৈব সার উৎপাদন, প্রাণিসম্পদ, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, বিক্রয় ও বিপণন, মোবাইল আর্থিক সেবা, হোটেল-রেস্তোরাঁ পরিচালনা, স্বাস্থ্যসেবা, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন, মোবাইল ফোন মেরামত, পোশাক তৈরি, গাড়ি চালনা ও হস্তশিল্প। পাশাপাশি পর্যটন, ইকোট্যুরিজম, কমিউনিটিভিত্তিক পর্যটন, হোমস্টে এবং গ্রামীণ সরবরাহ ব্যবস্থাকেও সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রোজিনা আক্তার বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি খাগড়াছড়ির স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে কাজুবাদাম ও কফি চাষ, প্রক্রিয়াজাতকরণসহ উপযোগী ট্রেডে প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়াতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, প্রশিক্ষণকেন্দ্রগুলো শুধু দক্ষতা উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সংযোগকেন্দ্র হিসেবেও কাজ করবে। এসব কেন্দ্র থেকে পেশাগত পরামর্শ, শিক্ষানবিশি, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ এবং আর্থিক সেবা ও অর্থায়ন সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসার সুযোগ সৃষ্টি এবং যুব নেটওয়ার্কে যুক্ত করার বিষয়টিও প্রকল্পের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে প্রকল্প বাস্তবায়নে পার্বত্য এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থান, দুর্বল যোগাযোগব্যবস্থা, ভাষাগত প্রতিবন্ধকতা, সীমিত ইন্টারনেট সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামোর স্বল্পতা এবং পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ভূমিধস, আকস্মিক বন্যা, খরা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের মতো জলবায়ুজনিত ঝুঁকিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়।
নারী, আদিবাসী তরুণ-তরুণী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা, বাল্যবিবাহ, চলাচল ও তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তাও সভায় তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান বা ব্যবসার সুযোগ নিশ্চিত করা গেলে পার্বত্য জেলার বিপুলসংখ্যক কর্মসংস্থানবঞ্চিত তরুণ-তরুণীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
























