ফ্যাসিবাদ ঠেকাতে সরকার-বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

শারমিন আক্তার আখি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম


ফ্যাসিবাদ ঠেকাতে সরকার-বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

ছবি: সংগৃহীত

সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে দেশে গণতন্ত্রের কোনো পরিসর ছিল না। সে সময় শেখ হাসিনার বক্তব্যের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরোধীদের ওপর ঝাঁপিয়ে পড়তেন—এমন অভিযোগ করেন তিনি।

বিরোধীদলের লংমার্চের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাম্প্রতিক দুটি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি। একই সঙ্গে বিরোধীদলের নেতারা সরকারদলের নেতাদের উদ্দেশে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা নিয়েও সমালোচনা করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার বিষয়েও বক্তব্য দেন রিজভী।

Ads