হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের পাঁচ দিনের আলটিমেট

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম


হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের পাঁচ দিনের আলটিমেট

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এ কথা জানিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে রেজাই বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো আলোচনা হবে না। তেহরান আগের কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাবে না বলেও জানান রেজাই।

রেজাইয়ের ভাষ্য, ইরান নতুন একটি কূটনৈতিক পথ অনুসরণ করছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানি জনগণের আস্থা অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের সাতটি শর্ত রয়েছে।

এদিকে ইরানের বিমান চলাচলে বাধা দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছেন রেজাই। তিনি বলেন, কোনো দেশ ইরানি বিমান চলাচলে বাধা দিলে তার বিমানবন্দরগুলোর বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।

Ads