বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও এর উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তালিকায় থাকা দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে এসব ওষুধ বা উপকরণ আমদানি করলে মূল্যের ওপর ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ১৯টি দেশের তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। মঙ্গলবার থেকেই তালিকায় থাকা দেশগুলো ছাড়া অন্যান্য দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও এর উপকরণের ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস এবং সংশ্লিষ্ট উপাদান আমদানিতে মূল্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়। যুক্তরাষ্ট্রে এসব ওষুধের উৎপাদন বাড়াতে দেশটির সরকার এ উদ্যোগ নেয়।
শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধের সংশ্লিষ্ট উপকরণও শুল্ক সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশ ছাড়াও শুল্কমুক্ত সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলো হলো—ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আওতায় থাকায় শুল্কমুক্ত সুবিধা পাবে।


































