ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জুন ২০১৮, ০৭:৩৫ পিএম


ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে

ঈদের তিন থেকে চারদিন আগের টিকিট নিতে হাজার হাজার মানুষ লাইনে অপেক্ষা করছেন। মানুষের ভিড়ে কার্যত তিল ধারণের ঠাঁই নেই কমলাপুরে। ঈদ যতো ঘনিয়ে আসছে টিকিটের চাহিদা ততই বাড়ছে।

আগামী ১২ জুনের জন্য আজ  রোববার ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। নির্ধারিত সময় সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কাউন্টার খুলেছে। আর টিকিট লাইনে এসে দাঁড়িয়েছেন একদিন আগে। কেউ কেউ এসেছেন ১৯ ঘণ্টা আগে।

সবচেয়ে বেশি ভিড় রাজশাহী ও রংপুর-দিনাজপুর রুটের লাইনে। আগের দিনের চেয়ে এই লাইন ভিড় বেড়েছে প্রায় দ্বিগুণ। টিকিট কাউন্টারের পর কম্পাউন্ড ছাড়িয়ে গেছে টিকিট প্রত্যাশীদের ভিড়।

রাজশাহী রুটে পাবনার ঈশ্বরদী যাওয়ার জন্য শনিবার (২জুন) বেলা ১টায় লাইনে দাঁড়িয়েছিলেন সাজু নামের এক বেসরকারি চাকরিজীবী। পরদিন সকাল পৌনে ৯টার দিকে টিকিট হাতে পেয়েছেন সাজু।

পুরুষদের লাইন দীর্ঘ হলেও অপেক্ষাকৃত কম সময়ে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন নারী যাত্রীরা।  তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও এসি ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

তিস্তা এক্সপ্রেসের টিকিট কাটার জন্য শনিবার সেহেরির পর লাইনে দাঁড়িয়েও এসি টিকিট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এক যাত্রী। বলেন, এসি টিকিট কালোবাজারি হচ্ছে, না হলে টিকিট পাওয়া যাবে না কেন?

এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে টিকিটের জন্য ততই ভিড় বাড়ছে। ১৩ থেকে ১৫ জুনের টিকিটের চাহিদাটা বেশি হবে। তবে ওই সময়ে প্রতিদিন প্রায় ৬০ হাজার টিকিট দেওয়া হবে, এখন যা ২৫ হাজার।

এদিকে, যাত্রীদের টিকিট পেতে লাইনে যাতে কোনো অতৃপ্তিকর ঘটনা না ঘটে সেজন্য রেলওয়ে নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশ, র‌্যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্যাপক নিরাপত্তা নিয়েছে।

Ads