দল-গোষ্ঠী-সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে সবার জন্য কাজের প্রত্যয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের


দল-গোষ্ঠী-সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে সবার জন্য কাজের প্রত্যয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদকে দল, গোষ্ঠী ও সম্প্রদায়ের ঊর্ধ্বে রেখে জেলার সব জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। একই সঙ্গে পরিষদকে জনবান্ধব ও জনসেবামুখী হিসেবে পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা এবং গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ সভার আয়োজন করে।

সভায় চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদকে কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং খাগড়াছড়ির সব জনগণের জন্য কাজ করা একটি জনবান্ধব পরিষদ হিসেবে পরিচালনার লক্ষ্য রয়েছে। জনগণের সেবা ও কল্যাণকে পরিষদের কার্যক্রমের প্রধান বিবেচনা হিসেবে রাখার কথাও জানান তিনি।

পরিষদের কার্যক্রম ও জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন গণমাধ্যমকর্মীরা। আলোচনায় জেলার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং জেলার সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর বিষয়ে পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

সাংবাদিকরা জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের বিভিন্ন নাগরিক ও মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর মত দেন তারা।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পরিষদের সদস্য মো. নুরুল আবছার ও মোশাররফ হোসেন বক্তব্য দেন।

এ ছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় জেলার জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে পরিষদ এবং গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Ads