খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম


খাগড়াছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চায় তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে নজরুল বর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার পরিসর বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে জেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশ নেবেন।

Ads