রামগড়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন

রতন বৈষ্ণব ত্রিপুরা

৩১ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম


রামগড়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা বিএনপির সহসভাপতি আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, রামগড় উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, এটিও হ্যাপি চাকমা, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা এবং রামগড় প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রামগড় উপজেলা জাসাসের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি।

বক্তারা বলেন, নজরুলের লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে চিরন্তন বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা ও রংতুলি একাডেমির শিশু শিল্পীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

Ads