খাগড়াছড়িতে মাদক ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড
৩০ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
খাগড়াছড়িতে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও উন্নত চরিত্র গঠনের শপথ নেয় তারা।
রোববার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও শপথ অনুষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক আবু তাহের, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রবিউল পাটোয়ারী রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয় ও সদস্য সাদমান তাসিন।
আলোচনায় বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। ভালো বন্ধু নির্বাচন, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটির দাবি, এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে।
তিনি জানান, খাগড়াছড়ির কর্মসূচিটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪তম কর্মসূচি।




















