খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ। জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বক্তব্য দেন।

এ ছাড়া জেলা পরিষদের সদস্যদের মধ্যে মো. নুরুল আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, শান্তিপ্রিয় চাকমা, তাছলিমা সিরাজ সিমা ও রুমেল মারমা বক্তব্য রাখেন।

বক্তারা নবগঠিত পরিষদের কার্যক্রমের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত অন্যান্য সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Ads