‘গণমুখী, উন্নয়নমুখী ও জবাবদিহি পরিষদ হবে’ : ম্রাসাথোয়াই মারমা


‘গণমুখী, উন্নয়নমুখী ও জবাবদিহি পরিষদ হবে’ : ম্রাসাথোয়াই মারমা


বগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে গণমুখী, জনবান্ধব, উন্নয়নমুখী ও জবাবদিহিমূলক পরিষদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। তিনি বলেছেন, সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে পরিষদের সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কথার চেয়ে কাজের মাধ্যমে প্রতিশ্রুতির প্রমাণ দিতে চান। গতকাল শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, “সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখার জন্য আমি ওয়াদা করছি, এ পরিষদ হবে গণমুখী পরিষদ, জনমুখী পরিষদ, উন্নয়নমুখী পরিষদ, জনবান্ধব পরিষদ, গণমানুষের পরিষদ ও জবাবদিহি পরিষদ।”

তিনি আরও বলেন, “আমি একজন ওয়াদুদ ভূইয়ার সৈনিক হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, আমরা পরিষদবর্গকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকব। আপনারাও আমাদের পাশে থাকবেন।”

কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে চেয়ারম্যান বলেন, “কাজের বিশ্বাসী, কথায় নয়। কাজের প্রমাণ হবে। আসুন, আমরা সকলে মিলে কাজ করব। সম্প্রদায়ের সম্প্রীতি এবং আগামীর খাগড়াছড়ি গড়ে তোলার জন্য আপনাদের কাছে ওয়াদা করছি।”

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট রিপল চাকমা, নারায়ণ ত্রিপুরা, লক্ষ্মী দেবী চাকমা ও ক্যরী মগ বক্তব্য দেন। এ সময় পরিষদের অন্যান্য সদস্য ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে চেয়ারম্যান ও সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Ads