সেপ্টেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম


সেপ্টেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে সেপ্টেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সভায় বক্তারা বলেন, অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য আগাম নজরদারি জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিজিবির কর্মকর্তাসহ খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের অধিনায়ক এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads