প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
১৭ আগস্ট ২০২৬, ০৯:১৬ এএম
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন নূরুল হাসান খান। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগা এই প্রবীণ সাংবাদিক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নূরুল হাসান খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও পেশাদার সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার মানোন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।
বৃহত্তর ময়মনসিংহের কৃতী সন্তান নূরুল হাসান খান তাঁর দীর্ঘ কর্মজীবনে দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিমন্ত্রী মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
























