সমাজকল্যাণ মন্ত্রীর মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫ মে ২০২৬, ০৭:১৫ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পরম শ্রদ্ধেয় মাতা বেগম জেবুন নেছার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ মে) বৃহস্পতিবার রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে এই বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৬ মে ২০২৬ তারিখে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের মমতাময়ী মাতা বেগম জেবুন নেছা পরলোকগমন করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুমার আত্মার শান্তি ও জান্নাতবাসী হওয়ার আকুল প্রার্থনা নিয়ে গতকালের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রীর পাশাপাশি ধানমন্ডি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং মরহুমার অসংখ্য শুভানুধ্যায়ী ও সাধারণ মুসল্লিরা এই মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে অশ্রুসিক্ত নয়নে মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষভাবে দোয়া করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাহফিলটি শেষ হয়।
























