সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
১২ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম
বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১২ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় (ফজরের ওয়াক্তে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি দেশবাসীর কাছে তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম নীতি নির্ধারক এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আইন অঙ্গনেও তিনি ছিলেন একজন অত্যন্ত প্রাজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রবীণ সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুকে লিখেছেন, জমির উদ্দীন সরকারের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্বে থাকার সময় বহুবার তিনি খবর পাঠাতেন দেখা করার জন্য এবং নানা বিষয়ে নিউজ করার পরামর্শ দিতেন। তিনি আরও উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক। ভারতীয় আধিপত্যবাদমুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল স্পিরিট। তাঁর ইন্তেকালে দেশ একজন সত্যিকারের গুণী ও আদর্শবান রাজনীতিবিদকে হারিয়েছে।
উল্লেখ্য, তিনি বিএনপি সরকারের আমলে ঢাকা-১ ও পঞ্চগড়-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি কিছুদিনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির গুরুদায়িত্বও পালন করেছিলেন।
শোকবার্তায় দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ যেন দেশ ও জাতির খেদমতে তাঁর করা সকল ভালো কাজ কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন—এই প্রার্থনাই করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।





































