৯ মাসেও সংস্কার করতে না পারায় সরকারকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন মির্জা আব্বাস
২৮ মে ২০২৫, ০৬:২৭ পিএম
নয় মাসে কোনো সংস্কার করতে না পারার অভিযোগ করে জনগণের কাছে সরকারকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষকে অবজ্ঞা করেছে অন্তর্বর্তী সরকার। সরকারে যারা আছে, তাদের নব্বইভাগ এই দেশের নাগরিক নয় বলে দাবি করেছেন মির্জা আব্বাস।
নির্বাচন অবশ্যই দরকার- এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেছেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না। এসময়, দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জনান তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় শেষ বলে মন্তব্য করে তিনি বলেন, বলেছেন ৯ মাসে নির্বাচন দিতে পারেনি, পারবেও না। সময় শেষ, আপনারা আপনাদের ব্যাবস্থা নিন। একটি অংশ আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না।
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসার অনুমতি দেয়ায় সমালোচনাও করেন মির্জা আব্বাস। এ নিয়ে তার বক্তব্য, দেশের মানুষ বোকা নয়।





































