গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম


গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন না করে নতুন করে করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, দীর্ঘ সময়েও বাংলাদেশ সেই হিস্যা পায়নি।

ফারাক্কা বাঁধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গঙ্গার পানি নিয়ন্ত্রণের পাশাপাশি নদীর পানির প্রবাহ ও তথ্য ব্যবস্থাপনাতেও বাংলাদেশের অংশীদারিত্ব থাকা প্রয়োজন।

১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতিতে শুধু পুরোনো চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তির উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ থাকতে হবে। কোনো ঘাটতি দেখা দিলে তার প্রভাব বাংলাদেশ ও ভারতকে সমানভাবে বহনের ব্যবস্থা রাখারও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে সমান অংশীদার করতে হবে। নদীগুলোর পানিপ্রবাহের তথ্যও বাংলাদেশের কাছে নিয়মিত সরবরাহের ব্যবস্থা থাকা উচিত।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে ন্যায্য সমাধান নিশ্চিত করা প্রয়োজন।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, তার হত্যার মামলার রায় দ্রুত সব আইনি প্রক্রিয়া শেষ করে কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের রায়ও কার্যকর করার দাবি জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পানি বণ্টনসহ আন্তর্জাতিক চুক্তিগুলো জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সংসদে আলোচনা করারও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের স্বার্থ কতটা নিশ্চিত করা হচ্ছে, তা গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হবে। নতুন চুক্তি হলে সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্যা ও নদী ব্যবস্থাপনায় সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

Ads