বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র- রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৫, ০৫:৫৬ পিএম


বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র- রিজভী

 

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের দায়িত্ব নেবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে।

আজ শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

এর আগে আরমান মোল্লার স্ত্রী-সন্তানদের হাতে অর্থ সহায়তা তুলে দেন রিজভী। আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে বলে জানান তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তানরা মানুষ না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ এগুলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। যে জীবন দিয়েছে তার সন্তানরা এতিমখানায় চলে যাবে এটা হতে পারে না।

রিজভী বলেন, আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে মুক্ত করেছে এই আরমান মোল্লারা। তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন।

 

Ads