শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

মোঃ আশরাফুল আলম

০৬ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগে তদন্ত শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শিক্ষাঙ্গনে গোপন রাজনৈতিক তৎপরতা চািলয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় এর সত্যতা অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি অফিস আদেশের মাধ্যমে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে এই পদক্ষেপ গ্রহণ করে।

প্রকাশিত অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সত্যতা যাচাইয়ে চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে। এছাড়া রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মোহা. আব্দুল মালেককে কমিটির সদস্যসচিব করা হয়েছে। গঠিত এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ–উল–আজম সওদাগর।

গঠিত তদন্ত কমিটিকে অত্যন্ত দ্রুততার সাথে কাজ সম্পন্ন করে আগামী ১৩ আগস্টের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অভিযোগসমূহ বিস্তারিত তদন্ত করে কোনো শিক্ষক যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা গোপন ষড়যন্ত্রে জড়িত থাকেন, তবে তাঁদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় করণীয় ও সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বিশেষভাবে উল্লেখ করা হয় যে, বিগত সরকারের মেয়াদকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন কি না এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি বা হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি না—তাও এই তদন্তে খতিয়ে দেখে সত্যতা যাচাইয়ের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

 

Ads