নতুন বছরের বই ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

অয়ন আহমেদ

০৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম


নতুন বছরের বই ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

 

গামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীরা এই নতুন বই পেয়ে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব নতুন পাঠ্যবই প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীরা সময়মতো পাঠ্যবই হাতে পায়, সেটিই সরকারের মূল লক্ষ্য। আর এই উদ্দেশ্য সফল করতেই ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়েই বই বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নতুন পাঠ্যপুস্তক তৈরির যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।

বই মুদ্রণের অগ্রগতি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া শেষ হবে। কার্যাদেশ পাওয়ার পরপরই প্রকাশকরা বই ছাপানোর মূল কাজ শুরু করবেন। নির্ধারিত সময়ে বই বিতরণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যৌথভাবে পুরো কার্যক্রম তদারকি করছে। সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার পুরোপুরি প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বর্তমান শিক্ষাক্রমের কিছু পরিমার্জন ও সংশোধন আনা হচ্ছে। তবে এই পরিমার্জনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Ads