প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি গুজব: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

অয়ন আহমেদ

১৬ জুন ২০২৬, ১২:২৩ এএম


প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি গুজব: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়


বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে "প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের" শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এই বিভ্রান্তিকর সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচরে আসলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয়।

প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদ সদস্যদের প্রাথমিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, "মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।" এ সময় দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার প্রসারে তিনি বলেন, "দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।"

মন্ত্রীর এই বক্তব্যকে বিকৃত করে প্রতিটি আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তাই এই ধরণের কোনো প্রকার অসত্য ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
 

Ads