প্রবাসীদের জন্য সংসদীয় টাস্কফোর্সের প্রস্তাব

এস আলমের গাড়ি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বপক্ষে ব্যাখ্যা

অয়ন আহমেদ

১১ জুন ২০২৬, ০৯:২৮ এএম


এস আলমের গাড়ি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বপক্ষে ব্যাখ্যা


জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সংসদ সদস্য ও বিশেষজ্ঞদের নিয়ে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বিরোধী দল। সরকারি দল এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে এই সাধারণ প্রস্তাবটি আনেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

প্রস্তাবের ওপর ১ ঘণ্টা ২০ মিনিটের সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের মোট ৯ জন সংসদ সদস্য অংশ নেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দীর্ঘ সংসদীয় জীবনে বিরোধী দলের পক্ষ থেকে এমন সময়োপযোগী প্রস্তাব আনার নজির দেখেনি উল্লেখ করে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

‘আমি খুব একটা গরিব মানুষ না’: গাড়ি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনার এক পর্যায়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান মোমেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বক্রোক্তি করে বলেন, "আজকের স্বরাষ্ট্রমন্ত্রী গুমের পর ভারতে প্রবাসী ছিলেন। উনি দেশে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন এবং এস আলমের গাড়ি ব্যবহার করেন। গতকাল তিনি এস আলমের পক্ষে বলেছেন– যার নুন খেয়েছেন, তার গান গেয়েছেন।"

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন: "আমার চারটি গাড়ি ও চারজন চালক আছে। আমি খুব একটা গরিব মানুষ না। বিদেশ থেকে আসার পর এলাকায় লাখ লাখ মানুষ আমাকে সংবর্ধনা দিয়েছেন। সমর্থকরা আমাকে একেকটি গাড়িতে তুলেছেন। যে গাড়ির কথা বলা হচ্ছে, তা কোনো ব্যক্তির নয়, একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। সমর্থকরা আমাকে সেই গাড়িতে তুলেছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেও জাতির কাছে দুঃখ প্রকাশ করেছি।"

টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে এবং তাঁর মতে, এমন একটি টাস্কফোর্স প্রতিষ্ঠা করা সম্ভব।

শ্রমবাজারের সিন্ডিকেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য দেশটির প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অভিবাসনকে কলঙ্কিত করেছে এবং মানব পাচারে জড়িয়েছে, তাদের মধ্যে ১০০ জনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, লিবিয়ায় পাচারের শিকার বাংলাদেশিদের মানবেতর অবস্থার কথা উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাসপোর্ট সেবার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৭৩টি মিশনের মধ্যে ৭১টিতেই বর্তমানে ই-পাসপোর্ট সুবিধা চালু রয়েছে। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে পাসপোর্ট সংশোধন করা যাচ্ছে এবং পুলিশ ভেরিফিকেশন ও অনলাইন আবেদন ব্যবস্থা আরও সহজ করা হয়েছে।

সংসদে সিন্ডিকেট ও সাবেক মন্ত্রীদের তীব্র সমালোচনা আলোচনায় অংশ নিয়ে প্রবাসীদের দুর্দশার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন সংসদ সদস্যরা। তারা বলেন- সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) মতো দানবদের কারণে প্রবাসীদের আজ এই অবস্থা। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের জন্য দায়ী সিন্ডিকেট চক্র ও ইউরোপে কর্মীদের জিম্মি করার ঘটনার পেছনে দূতাবাসগুলোর নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। সাবেক অর্থমন্ত্রীর এজেন্সির মাধ্যমে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে বাংলাদেশিরা মাত্র ৪০০ রিয়ালের নিম্নমানের কাজ করছেন। এই লুটপাটের তদন্ত দাবি করেন তিনি।

এনসিপির আবদুল হান্নান মাসউদ বলেন- বিমানবন্দরে প্রবাসীদের ব্যাগ কেটে নিঃস্ব করা এবং ভুয়া চাহিদাপত্র দিয়ে কর্মী পাঠানোর পরও দূতাবাসগুলোর উদাসীনতার ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবি তোলেন।

এসময় জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুব সালেহী এমপি- দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে তাঁদের ‘ন্যাশনাল প্রসপার পার্টনার’ (এনপিপি) ঘোষণার প্রস্তাব করেন।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর স্বীকার করেন যে, প্রবাসীদের সেবায় দূতাবাসে যেভাবে কাজ করা দরকার, অনেক ক্ষেত্রে তা হচ্ছে না। তবে উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সমস্যার জট খুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিরোধী দলের অভিযোগের জবাবে বলেন, বর্তমান সরকার প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো ‘অভিবাসন উইং’ খুলেছে। তবে ইউরোপের পথে লিবিয়ায় যে দালাল ও জিম্মি করার ঘটনা ঘটছে, সেই দালাল চক্রকে পুরোপুরি না ধরা পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান কঠিন বলে তিনি মন্তব্য করেন।

 

Ads