জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পাহাড়ের কৃষি, জুমচাষীদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি
১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পাহাড়ের কৃষি, খাদ্যনিরাপত্তা ও জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। সাম্প্রতিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পুনর্বাসন, জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারী ও প্রান্তিক কৃষকদের জন্য জলবায়ু অর্থায়ন ঋণমুক্ত রাখার দাবি উঠেছে খাগড়াছড়িতে অনুষ্ঠিত নারী চাষীদের সমাবেশে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে ‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে স্থানীয় নারী চাষী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যের প্রদর্শনী আয়োজন করা হয়।
জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), ক্লিন (CLEAN), প্রান (PRAAN), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (KHANI) এবং বিডব্লিউজিইডি (BWGED) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের খাগড়াছড়ি সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় বৈশ্বিক প্রেক্ষাপটে নগণ্য হলেও এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে দেশের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ঢালু কৃষিজমি এবং ঐতিহ্যবাহী জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ের কৃষিনির্ভর পরিবারগুলো খাদ্যনিরাপত্তা ও জীবিকার সংকটে পড়ছে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, জুমচাষকে প্রচলিত কৃষির কাঠামোর বাইরে না রেখে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত জুমিয়া কৃষকদের জরুরি পুনর্বাসনের পাশাপাশি বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করতে হবে।
সভাপতির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষির রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক ও কৃষকনেতৃত্বাধীন। এ ক্ষেত্রে ঋণনির্ভর অর্থায়ন কিংবা কার্বন বাজারের মুনাফার নামে পাহাড়ি ও সমতলের কৃষকদের জমি, পানি ও বনের প্রথাগত অধিকার কেড়ে নেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করতে হবে।
মূল ধারণাপত্রে ইখিন চৌধুরী বলেন, দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় ১১ শতাংশ এবং ৪৫ শতাংশ মানুষের জীবিকার সঙ্গে এ খাত জড়িত। অথচ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে। আমদানিনির্ভর রাসায়নিক সার ও ডিজেলচালিত সেচব্যবস্থার কারণে প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয়ও বাড়ছে।
তিনি সৌরসেচ, সৌরচালিত হিমাগার, মিথেন নিঃসরণ কমাতে এডব্লিউডি পদ্ধতি এবং স্থানীয় জলবায়ুসহিষ্ণু ও ঐতিহ্যবাহী জুমের বীজ সংরক্ষণে রাষ্ট্রীয় ভর্তুকি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে কৃষি উদ্যোগে বড় ব্যবসায়ীদের পরিবর্তে ক্ষুদ্র ও নারী কৃষক এবং আদিবাসী জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু অর্থায়ন শর্তহীন ও অনুদানভিত্তিক করা, ঋণনির্ভর অর্থায়ন বন্ধ করা; ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (FRLD) এবং অভিযোজন তহবিলে পাহাড়ি অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পৃথক বরাদ্দ রাখা এবং ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করা; পাশাপাশি জুম কৃষিকে আইনি ও নীতিগত স্বীকৃতি দিয়ে জুমিয়া কৃষকদের পুনর্বাসন, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং তাঁদের প্রথাগত অধিকার সুরক্ষা করা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা এবং কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরা। এ সময় স্থানীয় নারী চাষী, কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কোঅর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নারী চাষী ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য প্রদর্শন করেন।
বক্তারা বলেন, পাহাড়ের কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় নারী চাষী এবং ক্ষুদ্র জুমচাষীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অধিকার, প্রথাগত জ্ঞান ও কৃষিব্যবস্থাকে সুরক্ষা না দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং ন্যায্য কৃষি রূপান্তর সম্ভব নয়।


























