পানছড়িতে অবৈধ ইটভাটার চুল্লি ভাঙল প্রশাসন, মালিককে জরিমানা
১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার চুল্লির মুখ ভেঙে ফেলা হয় এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এমএসআর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।
পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
পরে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নেভানো হয়। এরপর এক্সকাভেটর (ভেকু) দিয়ে চুল্লির মুখ ভেঙে দেওয়া হয়, যাতে ভাটাটি পুনরায় চালু করা না যায়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























