আ.লীগের কর্মীদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসের অভিযোগ, খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম


আ.লীগের কর্মীদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসের অভিযোগ, খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা পরিকল্পিতভাবে হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো অপতৎপরতা প্রতিহত করবেন বলে ঘোষণা দেন তাঁরা।

Ads