খাগড়াছড়িতে সৃজনশীল কার্যক্রম, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৮ মে ২০২৫, ০৩:০৫ পিএম
খাগড়াছড়ি সদর উপজেলা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)-PRIME প্রকল্পের সহযোগিতায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৫ উপলক্ষে সৃজনশীল কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ মে) সকালে পেরাছড়া ইউনিয়নস্থ পেরাছড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওইমেন একটিভিস্ট ফোরামের সদস্য পিংকি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রাঙ্গাবি চাকমা এবং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য গৌরিমালা ত্রিপুরা।
আলোচনা সভায় ওইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্য খুরশিদা আক্তার মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসের প্রতিপাদ্য ও গুরুত্ব নিয়ে লিখিত ধারণা পত্র পাঠ করেন। এতে উল্লেখ ছিলো, মাসিক একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক প্রক্রিয়া, যা প্রতিটি প্রজননক্ষম নারীকে জীবনে গড়ে প্রায় ৩৮ বছর এবং প্রায় ৪৫০ বার অতিক্রম করতে হয়। মাসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য সঠিক তথ্য, নিরাপত্তা ও মর্যাদাসহ স্বাস্থ্যকর ব্যবস্থাপনা একটি মানবাধিকার।
তবে, সামাজিক কুসংস্কার, অপ্রতুল অবকাঠামো, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব এবং স্যানিটারি পণ্যের মূল্যবৃদ্ধি কিশোরী ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কঠিন করে তোলে। স্কুল পর্যায়ে ৪৪% বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন রাখার জন্য আলাদা জায়গা নেই, ৮৬% শিক্ষার্থী মাসিকের সময় পুরানো কাপড় ব্যবহার করে, আর ৫৩% মেয়েশিক্ষার্থী মাসিকের সময়ে তিনদিন বা তার বেশি স্কুলে যেতে পারে না।
সরকার ২০২১ সালে 'জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র' প্রণয়ন করেছে এবং বিভিন্ন নীতি উদ্যোগ গ্রহণ করেছে। তবে বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। স্কুলে নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অঙ্গ ও নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অবশেষে, মাসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, সুবিধা এবং কর্মপরিবেশে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনসাধারণের সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।






















