রাজস্ব সম্মেলন-২০২৬
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
১৮ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম
দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। তবে জনগণের কল্যাণ ও উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের কাজের ক্ষেত্র প্রসারিত করে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নীতি-নিয়ম উপেক্ষা করে দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা ও স্বেচ্ছাচারিতার কারণে বিগত দেড় দশকের অপশাসনে এনবিআরের ওপর মানুষের আস্থা বিনষ্ট হয়েছিল। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। একটি সুসংগঠিত, দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে করদাতাদের সেই আস্থা ফিরিয়ে আনার জন্য এনবিআরের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের সাফল্য অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতার ওপর নির্ভরশীল। তিনি বলেন, বিগত পতিত সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে রেখে গেছে। তবে বর্তমান সরকার বৈদেশিক ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপাতে চায় না। এজন্য আয়ের নতুন ক্ষেত্র তৈরি ও অভ্যন্তরীণ উৎস বাড়াতে গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করা হয়েছে, যা দেশে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে।
বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপট ও আধুনিক প্রযুক্তির বিকাশের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের নতুন মডেল ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ আগামী দিনে এনবিআরকে আরও অধিক সাফল্যের পথ দেখাবে।
সম্মেলন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

























