খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম
খাগড়াছড়ির মহালছড়ি ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহালছড়িতে ঝিরিতে গোসল করার সময় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। অন্যদিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে বাড়ির উঠানে বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যার পর মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের উচিংমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা (৫২)। অপরজন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়ার মঙ্গল শোভা চাকমা (২৮)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। রাত ৮টার দিকে উচিংমং মারমা ও হ্লাপাই মারমা স্থানীয় একটি ঝিরিতে গোসল করছিলেন। এ সময় বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মাইসছড়ি ইউনিয়নের স্থানীয় কার্বারি (গ্রামপ্রধান) নয়ন কুমার ত্রিপুরা স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়ায় বাড়ির উঠানে অবস্থান করার সময় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু মঙ্গল শোভা চাকমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সন্ধ্যায় জেলার দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

















