ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগ
১৭ মে ২০২৫, ০৮:৩০ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাহী ক্ষমতাবলে সাবেক সাফজয়ী ফুটবলার আনাই মগিনীকে অস্থায়ীভাবে ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপত্রের স্মারক নম্বর ২৯.৩৬.০১৮.৩৩.৬৬.০০১.২৫-১০০১, তারিখ: ১৫ মে, ২০২৫ অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।
আজ শনিবার (১৭মে) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকভাবে আনাই মগিনীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মাস্রাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।
আনাই মগিনী খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাইয়া পাড়ার বাসিন্দা রিপ্রু মগ ও আপ্রুমা মগিনীর সন্তান।
নিয়োগপ্রাপ্ত আনাই মগিনী প্রতি মাসে সর্বসাকুল্যে ১০,০০০/- (দশ হাজার) টাকা বেতন প্রাপ্ত হবেন। এ নিয়োগ পরিষদের নিজস্ব তহবিল থেকে অর্থের সংস্থান সাপেক্ষে কার্যকর হবে এবং আগামী ৩০ মে, ২০২৫ তারিখের মধ্যে তাঁকে যোগদান করতে হবে।
শর্তসাপেক্ষ এ নিয়োগে উল্লেখ রয়েছে, যোগদানের সময় তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল প্রকার সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। সরবরাহকৃত তথ্য বা সনদপত্র মিথ্যা/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ বাতিল করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়োগ সরকারি চাকরি বিধি ও পরিষদের চাকুরি প্রবিধানমালা অনুযায়ী পরিচালিত হবে এবং পরিষদের পরবর্তী সভায় ভূতাপেক্ষভাবে অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। পরিষদ এ নিয়োগ যেকোনো সময় বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
উল্লেখ্য, আনাই মগিনী বাংলাদেশের সাবেক সাফজয়ী ফুটবলার। ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালে অন্তিম মুহূর্তের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। ওই টুর্নামেন্টে তার নৈপুণ্য ছিল দর্শনীয়। পরবর্তীতে জাতীয় দলে ডাক পেলেও তাকে বারবার টুর্নামেন্টে উপেক্ষা করা হয়। হতাশা ও অবহেলার কারণে মাত্র ২১ বছর বয়সে তিনি ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেন এবং খাগড়াছড়িতে একটি ছোট ব্যবসা শুরু করেন।
আনাই মগিনী এবং তার ছোট বোন আনুচিং মগিনী—দুইজনই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে দেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের ফুটবলার হয়ে ওঠার পেছনে শিক্ষক বীরসেন চাকমার অনুপ্রেরণা ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা জানান, আনাই মগিনীর সংগ্রামী জীবনের কথা শুনে এবং তার প্রতিভার প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবিক বিবেচনায় তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপত্র হাতে পেয়ে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমি এই দায়িত্বকে সম্মান ও আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করব। এটি আমার জন্য নতুন এক অধ্যায় শুরু।"






















