খাগড়াছড়িতে শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৫ দফা দাবিতে মানববন্ধন
১৭ মে ২০২৫, ০৩:১৫ পিএম
ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়িত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায় প্রকল্প) দ্রুত অনুমোদন, জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
দাবি সমূহের মধ্যে রয়েছে: ১) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস প্রদান; ২) প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করা: ৩) সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর; ৪) কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান ও ৫)শিক্ষকদের সম্মানজনক হারে বেতন ভাতা বৃদ্ধি।
স্মারকলিপিতে জানানো হয়, ১৯৯৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের সপ্তম পর্যায় ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. শেষ হয়। জানুয়ারি ২০২৫ থেকে অষ্টম পর্যায়ের কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত প্রকল্প অনুমোদন হয়নি এবং পাঁচ মাসের বেতন-ভাতা অনাদায়ী রয়েছে। ফলে ৮৪ হাজার শিক্ষক ও কর্মী মানবেতর জীবন যাপন করছেন।
গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে মাননীয় ধর্ম উপদেষ্টা প্রকল্পের জনবলকে রাজস্বখাতে নেয়ার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন এখনও হয়নি। এমন প্রেক্ষাপটে, ঈদুল আজহার পূর্বে বেতন-ভাতা না পেলে সরকার ও প্রকল্পের প্রতি জনআস্থা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন: ফিল্ড অফিসার মো. কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার মুহা. আব্দুল হালিম, মডেল কেয়ারটেকার মো. রুহুল আমিন ও শিক্ষক মো. শফিকুল ইসলাম।






















