ডেঙ্গুতে মৃত্যু ২৯৪, ৭ দিনে প্রাণ গেল ৪৯ জনের
০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন। এ নিয়ে অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট ৮৮ হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৯০ জন। এছাড়া খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ২৮০ জন, রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



































