শিশু রাহাত হত্যাকাণ্ডঃ ৩ জনের ফাঁসি এক জনের যাবজ্জীবন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মার্চ ২০১৬, ০৭:৫৩ পিএম


শিশু রাহাত হত্যাকাণ্ডঃ ৩ জনের ফাঁসি এক জনের যাবজ্জীবন

ছবি-প্রতিদিনের চিত্র

প্রতিদিনের চিত্র ডেস্ক :: শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় তিনজনকে ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসলাম বাবু (২২), আবদুল লতিফ (২১) ও রবিন মিয়া (২১)। মামলার আরেক আসামি ইমরান হোসেনকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বছর ২ অগাস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক পাহাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৪ আগস্ট শিশু রাহাতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ওই মামলায় খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ২৯ নভেম্বর লতিফসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায়। ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে ট্র্রাইব্যুনাল।

Ads