ওয়ারীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আটক ৩

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৭ পিএম


ওয়ারীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আটক ৩

ছবি - সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

ওয়ারীর টিকাতুলি রোডের রোজ গার্ডেনের সামনে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

লাল মিয়া জানান, ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে স্বপন ও শাহ আলম নামের দুইজন পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই।

Ads