রাজধানীতে গরু ভর্তি ট্রাক ছিনতাই
১৯ সেপ্টেম্বর ২০১৫, ০৫:৩৪ পিএম
ছবি-সংগ্রহিত
রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকা থেকে একটি গরু ভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। ট্রাকটিতে ১৬টি গরু ছিলো বলে আহতরা জানিয়েছে। পুলিশ ঘটনায় জড়িত ট্রাকচালককে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে আটক করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর থেকে একটি ট্রাকে করে ১৬টি গরু নিয়ে আসছিল ব্যাপারীরা। ওই সময়ে ট্রাকটি রাজধানীর সংসদ ভবনের সামনে পৌঁছামাত্র ৪/৫ জন ছিনতাইকারীর একটি দল পিক্যাপভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ছুরিকাঘাত করে ওই গরুর ট্রাকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতাবস্থায় ট্রাকে থাকা চার ব্যাপরী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল আমাদের প্রতিনিধিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


































