আহত তিন জঙ্গি নাড়ীর একজন ‘জঙ্গি’ জাহিদের স্ত্রী: ধারণা পুলিশের
১১ সেপ্টেম্বর ২০১৬, ০৪:০৮ এএম
ছবি-সংগ্রহিত
আজিমপুরের বিজিবি সদরদপ্তরের ২ নম্বর গেইটের কাছে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের অভিযানে যে তিন নারীকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ তাদের একজন রূপনগরে নিহত ‘মেজর’ জাহিদ ওরফে মুরাদের স্ত্রী বলে ধারণা করছেন। তবে কোন সূত্রই বিষয়টিকে এখনো নিশ্চিত করতে পারেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ‘জঙ্গি’ নারীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী প্রতিদিনের চিত্রকে জানান, আজিমপুরে আটক তিন নারীর একজন শায়লা; তিনি রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই বাসা থেকে দুটি শিশু উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তারা মেজর জাহিদের দুই সন্তান।
শেখ মারুফ হাসান জানান আজ শনিবার ১০ সেপ্ট. সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট অভিযান কালে উল্লেখিত জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও মরিচের গুঁড়া ছুঁড়তে থাকে। এ সময় এক নারী জঙ্গী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
রাত ১০টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, কিছুদিন আগে মিরপুরের রূপনগর এলাকায় পুলিশের অভিযানে জঙ্গী মেজর জাহিদ নিহত হওয়ার পর পুলিশ জানতে পারে যে আজিমপুর এলাকার কোথাও তার পরিবার আত্মগোপন করে আছে। গোপন সংবাদের ভিত্তিতে সেই পরিবারটি সংবাদ জানার পর শনিবার রাতে অভিযান চালানো হয়। পুলিশ সদস্যরা ওই বাড়িটির দরজায় নক করলে ভিতরে থাকা জঙ্গীরা বোমা ও মরিচের গুঁড়া এবং ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার খাতিরে পুলিশ গুলি চালালে এক পুরুষ জঙ্গী নিহত হয়। আহত অবস্থায় ৩ নারীকে আটক করা হয়। এ সময় বাড়িটি থেকে ৩টি শিশুকেও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুদের ভিক্টিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।
আইজিপি আরও জানান, গত ১ জুলাই গুলশানের জঙ্গী হামলার পর রাজধানী বসুন্ধরা এলাকায় একটি বাসায় জঙ্গী আস্তানার খোঁজ পেয়েছিল পুলিশ। করিম নামে এক ব্যক্তি ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। করিমের একটি ছবি পেয়েছিল পুলিশ। শনিবার আজিমপুরে পরিচালিত অভিযানে নিহত জঙ্গীর সঙ্গে করিমের চেহারার মিল রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি পিস্তল, ল্যাপটপ, বোমা ও মরিচের গুঁড়া উদ্ধার করেছে বলেও জানান আইজিপি।


























