গুলশানে সন্ত্রাসীদের গুলিতে উর্ধতন দুই পুলিশ অফিসার নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জুলাই ২০১৬, ০৭:৪৬ এএম


গুলশানে সন্ত্রাসীদের গুলিতে উর্ধতন দুই পুলিশ অফিসার নিহত

ছবি-সংগ্রহিত

 ঢাকার রাজাধানীর গুলশানে একটি স্প্যানিস রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। সুত্রটি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের ইউনাইটেড হাসপাতাল সহ রাজধানীর  বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্ত্রাসীরা বিদেশি নাগরিক সহ রেষ্টুরেন্ট এ খাবারের জন্য অবস্থানরত অনেককেই  জিম্মি করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। রাত পৌনে দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত আছে।

আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ওই স্প্যানিস রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গোলাগুলি হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহতসহ বেশ কয়েকজন আহত হন। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হোসেন নিজেও গুলিতে আহত হয়েছেন।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির খবরে বলা হয়েছে, দুইজন কূটনীতিক মারা গেছেন। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে,  আজ রাত সোয়া ৯টার দিকে ৮-১০ জন যুবক পিঠে ব্যাগ নিয়ে ‘আল্লাহু আকবর’ স্লোগান বলে আর্টিজান বেকারি নামে গুলশানের একটি স্প্যানিশ রেস্টুরেন্টে হামলা চালায়। সেখানে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে তারা। পুলিশের ওপর গুলি বর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। এসময় বনানী থানার ওসি সালাউদ্দিন, গুলশান থানার এসআই রবিউলসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে সালাউদ্দিন ও রবিউল মারা যান।

এদিকে, গুলশানের ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলন করে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোকে লাইভ সম্প্রচার বন্ধ করতে অনুরোধ জানান। তার অনুরোধে দেশীয় চ্যানেলগুলো লাইভ সম্প্রচার করছে না। তবে সিএনএনসহ বিদেশি চ্যানেল লাইভ সম্প্রচার করছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো প্রয়োজন যা সরাসরি দেখানো সম্ভব নয়।

যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। জিম্মি বিদেশি নাগরিক সহ বাংলাদেশী অন্যান নাগরিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Ads