দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর সমঝোতা সই
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা সই হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী ও ক্যারিকমবিষয়ক মন্ত্রী এস এম সোবার্স নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ ও জি-৭৭সহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আগ্রহ রয়েছে।
তিনি বলেন, নতুন এই পরামর্শ ব্যবস্থা দুই দেশের সম্পর্ক নিয়মিত পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, কারিগরি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগও তৈরি হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি সহযোগিতাকে দুই দেশের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্রুত কারিগরি বৈঠক আয়োজনের জন্য ত্রিনিদাদ ও টোবাগোর সহযোগিতা চাওয়া হয়েছে।
দুই পক্ষ আশা প্রকাশ করেছে, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও ত্রিনিদাদ ও টোবাগোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কাঠামোবদ্ধ ও কার্যকর হবে।





























